যুক্তরাষ্ট্র ও ইসরাইলের ইরানবিরোধী যুদ্ধের ক্ষয়ক্ষতি সরাসরি পর্যবেক্ষণের লক্ষ্যে মধ্যপ্রাচ্যে সফর শুরু করেছেন ডেমোক্র্যাট সিনেটর ক্রিস মারফি। যুদ্ধ শুরুর পর তিনিই প্রথম ডেমোক্র্যাট সিনেটর হিসেবে এই অঞ্চল সফর করছেন। বর্তমানে কাতারে অবস্থানরত মারফি তার পরবর্তী গন্তব্য হিসেবে সৌদি আরবের রিয়াদ সফরের বিষয়টি সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে নিশ্চিত করেছেন।
সফরের উদ্দেশ্য সম্পর্কে মারফি জানিয়েছেন, বর্তমানে যুদ্ধ পরিস্থিতি যখন অত্যন্ত জটিল ও তীব্র, তখন মার্কিন সিনেটরদের সরাসরি উপস্থিত থাকা জরুরি। তিনি মূলত তিনটি লক্ষ্য নিয়ে এই সফর করছেন। প্রথমত, মার্কিন স্থাপনাগুলোতে যুদ্ধের ক্ষয়ক্ষতি সরেজমিনে পরিদর্শন করা, যা সিনেট সদস্যদের জন্য গুরুত্বপূর্ণ মনে করছেন তিনি। দ্বিতীয়ত, কাতার ও সৌদি আরবের কর্মকর্তাদের সঙ্গে যুদ্ধের প্রভাব নিয়ে বিস্তারিত আলোচনা করা এবং সংঘাত নিরসনে চলমান প্রচেষ্টাগুলো সম্পর্কে অবগত হওয়া।
সর্বশেষ, উপসাগরীয় অঞ্চল নিয়ে যুক্তরাষ্ট্রের দীর্ঘমেয়াদী নীতি পুনর্বিবেচনার প্রয়োজনীয়তা নিয়ে কাজ করছেন তিনি। মারফি স্পষ্ট করেছেন যে, চলমান সংঘাত বন্ধে কার্যকর ভূমিকা রাখছেন এমন ব্যক্তিদের সঙ্গে সাক্ষাৎ করাও তার সফরের প্রধান লক্ষ্যগুলোর একটি। আঞ্চলিক পরিস্থিতির আলোকে যুক্তরাষ্ট্রের বৈদেশিক নীতিতে নতুন করে ভাবনার সুযোগ তৈরি হয়েছে বলেও তিনি মন্তব্য করেন।
Leave a Reply